ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
প্রতিবেদকযুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন নাহিদ ইসলাম।
এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক যাত্রা এবং দলটির ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে কথা বলেন তিনি। এনসিপির ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান নাহিদ ইসলাম। বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে স্বাগত জানান।
এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরসূচি অনুযায়ী, নাহিদ ইসলামের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।