স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় / রাজনীতি
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। এ ছাড়া একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, দলটির নেতাকর্মীরা থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত।

সীমান্তের ওপারে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকার চায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে প্রাণহানির ঘটনা ঘটাক। তাঁর ভাষ্য, সরকার একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে নিহত না হন, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে কয়েকজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন অপেক্ষা করা হলেও নিরীহ মানুষের প্রাণহানি এড়ানো হবে।

তবে আত্মরক্ষার প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে বলে জানান তিনি। অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান সম্পর্কে তিনি জানান, সেখানে প্রায় ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া থানা থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শুরু থেকেই ধৈর্য ধরছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। অন্যথায় পরিস্থিতি অনুযায়ী কঠোর হতে বাধ্য হবেন তাঁরা।

থানায় হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে জড়ো করার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, হামলাকারীদের ভিডিও, অডিও ও অন্যান্য ফুটেজ সরকারের কাছে রয়েছে। থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, সাধারণ মানুষকে হয়রানি কিংবা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁর ভাষায়, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগ আর গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে। তিনি দলটির বিরুদ্ধে গত ১৫-১৬ বছর অগণতান্ত্রিক শাসন এবং গণহত্যার অভিযোগও করেন।

আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলে বিষয়টি আইন ও আদালত দেখবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিরোধীদলীয় চিফের বিদেশ সফরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী হামলার চেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অশোভন আচরণের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ঘটনায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।