স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ এএম

‘অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন’: প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেক্স
‘অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন’: প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান | ছবি- সংগৃহীত

নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টসহ দেশটির উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। চিকিৎসার অভাবে তাঁদের জীবন ও স্বাস্থ্য গুরুতর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা জানান ইমরান খান। পরে তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে ইমরান খান দাবি করেন, কারাগারে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইমরানের ভাষ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ বেড়ে ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগের উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও চিঠিতে দাবি করেন তিনি।

কারাগারে তাঁর দৈনন্দিন পরিস্থিতি নিয়েও অভিযোগ তুলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি জানান, দিনের প্রায় ২২ ঘণ্টা তাঁকে নির্জন প্রকোষ্ঠে থাকতে হয়। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের অনুমতি পেয়েছেন বলে দাবি করেন তিনি। যুক্তরাজ্যে বসবাসরত দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি না পাওয়ার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন ইমরান।

নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। চিঠিতে ইমরান জানান, গত এপ্রিলে বুশরা বিবি চোখের রেটিনার জটিলতায় আক্রান্ত হন এবং তাঁর অস্ত্রোপচার করা হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে সর্বশেষ সাক্ষাতের সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না এবং চোখ খুলতেও অসুবিধা হচ্ছে। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন ইমরান।

চিঠিতে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। ইমরানের দাবি, ওই নির্দেশে তাঁকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলা হয়েছিল। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশও ছিল। তবে কারা কর্তৃপক্ষ এখনো সেই নির্দেশ বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। অন্যদিকে, তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা বিবি। ওই মামলায় এই দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চিঠির শেষাংশে ইমরান খান বলেন, তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা বা দয়া চাইছেন না। বরং আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

চিঠিতে তিনি লেখেন, “আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।”

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।