স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০২:২০ এএম

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জাতীয় / শ্রম ও শিল্প
নিউজ ডেস্ক
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
ফাইল ছবি

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।