স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী

বাংলাদেশ
নিউজ ডেস্ক
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী আপিল করার জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময় পার হয়ে গেলে আইন অনুযায়ী আর আপিলের সুযোগ থাকে না। এ বিধান সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।

আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উপধারা (১) অনুসারে ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দাখিল করতে হয়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে এ সময়সীমার বিধান যুক্ত করা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ফলে আইনি সময়সীমা পার হয়ে যাওয়ায় তাঁর আপিলের সুযোগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও গণমাধ্যমকে জানিয়েছিলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের আইনি সুযোগ শেষ হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।