স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:২০ এএম

সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য

জাতীয় / রাজনীতি
নিউজ ডেস্ক
সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য
ছবি- সংগৃহীত

সড়কের বেহাল অবস্থা এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের আশঙ্কায় ঢাকা থেকে সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ২১ নভেম্বর কর্মসূচিটি পালনের কথা থাকলেও আপাতত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লংমার্চে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য ট্রেন ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে একই সময়ে সাধারণ যাত্রীদের নিয়মিত রেলযাত্রা স্বাভাবিক রাখার বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। কর্মসূচির কারণে রেলসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, একই ট্রেনে কয়েক হাজার মানুষ ঢাকার বাইরে যাত্রা করলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, লংমার্চ পুরোপুরি বাতিল করা হয়নি। দলের শীর্ষ নেতারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।