বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এ লক্ষ্যে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
তিনি জানান, দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশে ‘কিং’ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি পাবে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’।